মালিকী ফিক্বহ অনুযায়ী ধাপে ধাপে অযু (ওদ্বু) করার নিয়মঃ
১/ নিয়্যাত করা (ফারদ্ব), এসময় বিসমিল্লাহ বলা (মুস্তাহাব/ পছন্দনীয়)
২/ অযু একটি পরিষ্কার স্থানে করা মুস্তাহাব।
৩/ দু’হাত কবজি পর্যন্ত ধোয়া (সুন্নাত),
৪/ কুলি করা (সুন্নাত)
৫/ নাকে পানি দেয়া ও নাক থেকে পানি ঝেড়ে ফালানো (সুন্নাত x২)
৬/ মুখ ধোয়া (ফারদ্ব) , এসময় দাঁড়ি খিলাল করা। দাঁড়ি যদি এরকম ঘন হয় যে, দাঁড়ির নিচের চামড়া বোঝা যায় না, তাহলে আলতোভাবে পানি দিয়ে মাসেহ করাই যথেষ্ট; কিন্তু যদি দাঁড়ির নিচের ত্বক দৃশ্যমান হয়, দাঁড়ির ভেতর হাতের আঙ্গুল ঢুকিয়ে পানি পৌঁছাতে হবে।
৭/ হাতের বাহু কনুই পর্যন্ত ধোয়া (ফারদ্ব)
৮/ সামনে থেকে একবার পূর্ণ মাথা পানি দ্বারা মাসেহ করা (ফারদ্ব)
৯/ আবার পেছন থেকে সামনে মাথা মাসেহ করা (সুন্নাত)
১০/ কান মাসেহ করা (সুন্নাত)
১১/ ফারদ্ব কাজগুলোর মধ্যে সিরিয়াল ঠিক রাখা (সুন্নাত)
১২/ ধোয়ার সময় প্রতিটা অঙ্গ হাত দিয়ে ঘষা (ফারদ্ব)
১৩/ কাজগুলোর মধ্যে নিরবিচ্ছিন্নতা ও দ্রুততা থাকা (ফারদ্ব)
১৪/ পায়ের গোড়ালি পর্যন্ত পা ধোয়া (ফারদ্ব)
ফারদ্ব ও সুন্নাত মোট ৭ টি ৭ টি করে ১৪ টি।
মুস্তাহাব সমূহঃ অযুর পূর্বে মিসওয়াক করা অথবা দাঁত ব্রাশ করা, নিয়্যাত করে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলা, পরিষ্কার স্থানে অযু করা, অল্প পরিমাণ পানি ব্যবহার করা, পানির ধারক অর্থাৎ বালতি, বদনা কিংবা মগ ডানে রাখা; প্রতিটা অঙ্গ ২ অথবা ৩ বার ধোয়া, ডানদিকের অঙ্গ বামদিকের অঙ্গের আগে ধোয়া, ফরযের সাথের সুন্নাতগুলো সিরিয়ালি করা, সুন্নাতের সাথের সুন্নাতগুলো সিরিয়ালি করা, চুলের অগ্রভাগ থেকে মাথা মাসেহ শুরু করা, পা ধোঁয়ার সময় পায়ের আঙ্গুলের মধ্যে হাতের আঙ্গুল ঢুকিয়ে ঘষা।
মাকরূহ বা অপছন্দনীয় কাজগুলোঃ
যতটুকু ধোয়া ফারদ্ব তার থেকে বেশি ধোয়া, যেমনঃ পায়ের গোড়ালির যে হাড় আছে, তার উপরে ধোয়া এবং ৩ বারের বেশি ধোয়া।
অযু ভেঙ্গে দেয় যেগুলোঃ
১/ মূত্র ত্যাগ,
২/ বায়ুত্যাগ,
৩/ মলত্যাগ,
৪/ গভীর ঘুম,
৫/ বীর্যপাত করা কিংবা অনিয়মিত ঋতুস্রাবের রক্ত বের হওয়া অথবা বারংবার বায়ুত্যাগ করা,
৬/ মযী বা বীর্যপাতের বীর্যের পূর্বে যে তরল বের হয়, সেটা হওয়া
৭/ মাতলামো,
৮/ বেহুঁশ হওয়া,
৯/ পাগলামো,
১০/ মূত্রত্যাগের পর যে সাদা তরল বা ওয়াদি নির্গত হয়, সেটা নির্গত হওয়া,
১১/ যৌনোত্তেজনার সাথে বিপরীত লিঙ্গের দেহ স্পর্শ করা,
১২/ চুমো খাওয়া,
১৩/ খালি হাতে যোনি স্পর্শ করা,
১৪/ খালি হাতে পুরুষাঙ্গ স্পর্শ করা,
১৫/ অযু আছে কিনা এব্যাপারে সন্দেহ করা,
১৬/ কুফরী করা।
ইংরেজি রেফারেন্সঃ
Al Murshid Al Muin, Translation & Commentary on selected sections: Dr. Abdullah bin Hamid Ali.
ইংরেজি থেকে অনুবাদ