যাকাত ও সদকাতুল ফিতর (যাকাতুল ফিতর)

যাকাত

‘যাকাত’ শব্দের মূল অর্থ হলো ‘বৃদ্ধি করা’ কারণ এটাতে যে ধন সম্পদ দেয়া হয় তার বারাকাহ বৃদ্ধি করে। শরঈ পরিভাষায়, নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে নির্দিষ্ট প্রকারের লোককে দেওয়াকে যাকাত বলা হয়।
যাকাত আল্লাহর কিতাব ও রসূল (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী ফারদ্ব এবং একে অস্বীকার করা কুফরী। যদি কোন মুসলিম যাকাত দেয়াকে ফারদ্ব জেনেও এটা দিতে না চায়, তবে যতক্ষণ পর্যন্ত সে না দেয়, তার সাথে লড়াই করতে হবে। এবং জানা সত্ত্বেও যাকাত না দেয়ার কারণে সে শাস্তিযোগ্য হবে।
যাকাত দু’প্রকার। যথাঃ
যাকাতুল আমওয়ালঃ এটা হচ্ছে সেই যাকাত যা এক চান্দ্রবর্ষ অতিক্রান্ত হওয়ার সাথে সম্পর্কিত। এটা সেসময় আদায় করা হয়।
যাকাতুল আবদান অথবা যাকাতুল ফিতরঃ যেটা রমাদ্বানের শেষে ঈদুল ফিতরের সাথে সম্পর্কিত।
যাকাত ফারদ্ব হওয়ার শর্তগুলোঃ
যাকাত ফারদ্ব/ ওয়াজিব হওয়ার ৭ টি শর্ত রয়েছে। যেহেতু এগুলো মুকাল্লাফের ইখতিয়ারাধীন নয়, তার মধ্যে এসব শর্তের পূর্ণতা না পাওয়া গেলে যাকাত আদায় করা হয় না। এগুলো হলোঃ
১। মুসলিম হওয়া,
২। স্বাধীন হওয়া/দাস না হওয়া,
৩। নিসাব বা সর্বনিম্ন যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত আদায় করা হয়, তার অধিকারী হওয়া,
৪। বৈধভাবে সম্পদের অধিকারী হওয়া অর্থাৎ চুরি করা সম্পদ বা দখল করা সম্পদ না হওয়া,
৫। শস্য ফসল ব্যতীত অন্য যা কিছু থেকে যাকাত আদায় করা হয়, তা পূর্ণ এক চান্দ্র বছর মালিকের করায়ত্তে থাকা,
৬। পশু সম্পদের যাকাত আদায় করার জন্যে যাকাত সংগ্রাহকের আগমন এবং
৭। ঋণের টাকা না হওয়া।
যাকাত কবুল হওয়ার শর্তঃ যাকাত কবুল হওয়ার শর্ত ৫ টি। যথাঃ
১। যাকাত দেয়ার নিয়্যাত করা,
২। ওয়াজিব হওয়ার পর যাকাত দেয়া অর্থাৎ অগ্রিম না দেয়া,
৩। আদিল আমিরের (ন্যায়পরায়ণ শাসক) কাছে যাকাত দেয়া, যেন তিনি যাকাত তার সঠিক হকদারের নিকট পৌঁছে দিতে সমর্থ হন,
৪। সরাসরি ৮ রকম হকদারকে যাকাত দেয়া যদি কোন আমির নিযুক্ত না থাকেন এবং
৫। যে বস্তুর যাকাত, সেই বস্তু দিয়েই আদায় করা। শস্যের যাকাত শস্য দিয়ে, স্বর্ণমুদ্রার যাকাত স্বর্ণমুদ্রা দিয়ে, পশুর যাকাত পশু দিয়ে দেয়া। ব্যতিক্রম হলো দোকান ও এজাতীয় সম্পদের যাকাত। এগুলোর যাকাত দিনার (স্বর্ণমুদ্রা) অথবা দিরহাম (রৌপ্যমুদ্রা) দিয়ে আদায় করতে হয়।
তিন প্রকার সম্পদ থেকে যাকাত দেয়া ওয়াজিব। যথাঃ
১। যাকাতুল আইন বা টাকার যাকাতঃ এই তালিকায় রয়েছে দিনার, দিরহাম, খনিজ দ্রব্য ও বাণিজ্যিক পণ্য। আল মাররাকুশী তাঁর মুর্শিদ আল মুঈনের টীকায় বলেন যে, বর্তমান যুগে দিনার দিরহামকে প্রতিস্থাপন করেছে, এমন মুদ্রা দিয়ে যাকাত দেয়া জায়িয। অর্থাৎ কাগুজে মুদ্রা দিয়ে যাকাত দেয়া জায়িয।
২। যাকাতুল হারছঃ এই তালিকায় রয়েছে শস্য ফসলাদি ও নির্দিষ্ট প্রকারের ফলমূল।
৩। যাকাতুল মাশিয়াঃ এই তালিকায় রয়েছে উট, গরু, ষাড়, ছাগল ও ভেড়া।

যাকাত প্রদানের সময়

সম্পদের প্রকারের উপর ভিত্তি করে যাকাত দেয়ার সময়কে দু’ভাগে ভাগ করা যায়। যথাঃ
১। টাকা ও পশু সম্পদের ক্ষেত্রে পূর্ণ ১ চান্দ্র বছর অতিক্রান্ত হতে হবে।
২। শস্যের ধরনের উপর ভিত্তি করে দুরকমের নিয়ম আছে।
যেসকল শস্যের দানা রয়েছে, সেগুলো ফসল কাটার সময়েই যাকাত প্রদান করতে হবে। দানাদার শস্যের মধ্যে রয়েছেঃ
১। গম,
২। বার্লি,
৩। সুল্ট (গম ও বার্লির মাঝামাঝি এক প্রকার শস্য)
৪। আলাস (গমের একটি প্রকার)
৫। ধান,
৬। বাজরা ও
৭। ভুট্টা।
অন্যান্য কৃষিজাত দ্রব্য যেগুলো থেকে যাকাত আদায় করা হয়, সেগুলো তখনই নেয়া হবে যখন সেগুলো পাকবে। এগুলোকে চার প্রকারে বিভক্ত করা যায়। যথাঃ
১। খেজুর,
২। কিসমিস,
৩। তেল উৎপাদনকারী উদ্ভিদসমূহ যেমনঃ
ক) জলপাই
খ) তিল
গ) লাল মূলা
ঘ) সেফফ্লাওয়ার ( এক প্রকারের ইউরো এশীয় ফুল, যা থেকে মূল্যবান তেল উৎপাদন হয়।)
৪। সাত প্রকার কলাই যেগুলোর মধ্যে আছে,
ক) মসুর ডাল,
খ) বড় মটরশুঁটি,
গ) ছোলা
ঘ) ছোট মটরশুঁটি
ঙ) লুপিন
চ) মটর এবং
ছ) ঘাসের মটর।
তেল উৎপাদনকারী উদ্ভিদগুলো বাদ দিলে বাকি সকল শস্যের যাকাত সেই শস্য দিয়েই আদায় করা হয়। সবুজ শাক সবজি ও ফলমূলের কোন যাকাত নেই। তবে খেজুর, কিসমিস ও সুলতানিয়া নামক এক প্রকার সাদা আঙ্গুরের যাকাত রয়েছে।

নিসাব

উপরোল্লিখিত সকল প্রকার শস্যের জন্যে দু’রকম নিসাব রয়েছে। যথাঃ
১। চাষাবাদ প্রাকৃতিক ও স্বাভাবিক হলে উৎপাদিত শস্যের ১০% যাকাত দিতে হবে,
২। কৃত্রিম উপায়ে চাষাবাদ করা হলে উৎপাদিত শস্যের ৫% যাকাত দিতে হবে।
নিসাব হলো সেই সর্বনিম্ন পরিমাণ শস্য যেটুকুর মালিক হলে যাকাত দেয়া ওয়াজিব হয়। উপরোল্লিখিত শস্যের নিসাব হলো ৫ ওয়াসক। দানাদার শস্যের যাকাত তখন আদায় করা হবে যখন সেগুলো শুকিয়ে যায় এবং তুলে ফেলা হয়। ফল শুকিয়ে নেয়ার পর ফলের নিসাব হিসেব করা হয়।
১ ওয়াসক = ৬০ সা’
১ সা’= ৪ মুদ
১ মুদ = রসূল (সাঃ) দু’হাতের তালু এক করে ধরলে যে পরিমাণ জিনিস উঠতো ততটুকু। আধুনিক পরিমাপে প্রায় ২ লিটারের সমতুল্য। তাহলে, শস্যের নিসাব হলো ৩০০ সা’ কিংবা প্রায় ৬০০ লিটার।
***টাকা দু’ধরনের হতে পারে। ***
১। রূপা, যার নিসাব হলো ২০০ ইসলামী দিরহাম, প্রতিটার আকার ৫০ এর মত মধ্যম আকারের বার্লির দানার দুই- পঞ্চমাংশের সমান। প্রায় ৬০০ গ্রাম বিশুদ্ধ রূপা।
২। স্বর্ণ, যার নিসাব হলো ২০ ইসলামী দিনার। এগুলোর প্রতিটার আকার হতে হবে ৭২ টি মধ্যম আকারের বার্লির সমান। প্রায় ৮৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ।
স্বর্ণ ও রূপার ক্ষেত্রে মোট নিসাবের ২.৫ % যাকাত দিতে হবে। রূপার যাকাত স্বর্ণে ও স্বর্ণের যাকাত রূপা দিয়ে দেয়া জায়িয।

বাণিজ্যিক পণ্য দু’ভাগে ভাগ করা যায়। যথাঃ

১। ইদারা বা চলমান বাণিজ্যঃ এমন সব পণ্যের বাণিজ্যকে বোঝায় যেগুলোর কেনা বেচা দোকানি বা পাইকারী বিক্রেতার মাধ্যমে পুনঃ পুনঃ চলমান রয়েছে। এগুলোর নিসাব হিসেবের সময় অবশ্যই বিবেচনায় রাখতে হবে,
ক) এধরনের বাণিজ্যিক পণ্যদ্রব্যের মূল্য অর্থবছরের শেষে মজুতের মোট বিক্রয় মূল্যের উপর হিসেব করা হয়। এর মূল্য অবশ্যই সমপরিমাণ রৌপ্য বা স্বর্ণের মূল্যের উপর হিসেব করতে হবে।
খ) এই ধরণের পণ্য যদি কোন আর্থিক সম্পদের সাথে মেলানো হয় এবং নিসাবে পৌঁছে যায় তবে, মিশ্রিত দ্রব্যের ২.৫% হারে স্বর্ণ বা রৌপ্যের হিসেবে যাকাত দিতে হবে।
গ) ব্যবসায়ীর যদি কোন বাণিজ্যিক ঋণ পাওনা থাকে এবং সে যদি আশা করে যে, এই পাওনাটা তাকে মিটিয়ে দেয়া হবে, তাহলে সেটার উপরেও যাকাত আসবে।
২। ইখতিয়ারী বা অনুমানমূলক বাণিজ্যঃ এটা হচ্ছে এমন ধরনের বাণিজ্য যেখানে যখন বাজারে পণ্যের দাম বাড়ে তখন বিক্রয় করা হয়। যেমনঃ রিয়েল এস্টেটের ব্যবসা। এক্ষেত্রে যাকাত তখনই দিতে হবে যখন পণ্যটি বিক্রিত হয়ে গেছে এবং পণ্যটি বিক্রয়ের উদ্দেশ্যে পূর্ণ ১ বছর রাখা ছিলো।
ইখতিয়ারী ব্যবসায়ীরা ঋণের উপর কোন যাকাত দেন না যতক্ষণ না ঋণ মেটানো হচ্ছে। ১ বছর সময়কাল পর্যন্ত ঋণ থাকলে ঋণ মেটানো মাত্র সেটা যদি নিসাবে পৌঁছে তখন সেটার উপর যাকাত আসে। ইখতিয়ারী ব্যবসার ক্ষেত্রে জমি বিক্রি করা হোক কিংবা ঋণ মেটানো হোক, টাকার মাধ্যমেই যাকাত প্রদান করা হয়ে থাকে।
ঘরের আসবাবপত্র যেগুলো কোন বাণিজ্যিক পণ্য নয় বরঞ্চ জীবন ধারণের উপকরণ, সেগুলোর উপর কোন যাকাত নেই। যেমনঃ গাড়ি, ফার্নিচার, হাঁড়িপাতিল যাকাতের উপকরণ নয়।

পশু সম্পদের যাকাত

তিন ধরনের পশুর উপর যাকাত আরোপিত হয়ে থাকে। এগুলো হলোঃ
১। উট গোত্রীয় প্রাণী,
২। গরু গোত্রীয় প্রাণী ও
৩। ভেড়া গোত্রীয় প্রাণী।
এসকল প্রাণীর ক্ষেত্রে কাজে ব্যবহার করা হোক, চারণ ভূমিতে ছাড়া হোক কিংবা শুধু খাওয়ানো হোক, যাকাতের ক্ষেত্রে কোন পার্থক্য নেই।
** উট গোত্রীয় প্রাণী **
উট গোত্রীয় প্রাণীদের মধ্যে উট, কুঁজওয়ালা উট, লামা সহ প্রভৃতি প্রাণী অন্তর্ভুক্ত। এই সকল প্রাণীর ক্ষেত্রে নিসাব হলো ৫ টি পশু। ৫ টি পশুর কম থাকলে এগুলোতে যাকাত আসবে না। পশুর সংখ্যা ও যাকাতের পরিমাণ নিম্নরূপঃ
উট সংখ্যা যা যাকাত দিতে হবে
৫-৯ ১ টি ১ বছর বয়স্ক ছাগল বা ভেড়া
১০-১৪ ২ টি ১ বছর বয়স্ক ছাগল বা ভেড়া
১৫-১৯ ৩ টি ১ বছর বয়স্ক ছাগল বা ভেড়া

২০-২৪ ৪ টি ১ বছর বয়স্ক ছাগল বা ভেড়া

২৫-৩৫ ১ টি ১ বছর বয়স্ক উটনী

৩৬-৪৫ ১ টি ২ বছর বয়স্ক উটনী

৪৬-৬০ ১ টি ৩ বছর বয়স্ক উটনী
৬১-৭৫ ১ টি ৪ বছর বয়স্ক উটনী
৭৬-৯০ ২ টি ২ বছর বয়স্ক উটনী
৯১-১২০ ২ টি ৩ বছর বয়স্ক উটনী
১২১-১২৯ ৩ টি ২ বছর বয়স্ক উটনী
১৩০ এবং তার উপরে প্রতি ৫০ টি অতিরিক্ত উটের জন্যে ১ টি ৩ বছর বয়স্ক উটনী, প্রতি ৪০ টি অতিরিক্ত উটের জন্যে ১ টি ২ বছর বয়স্ক উটনী।
যেখানে ১ বছর বয়স্ক পশু বলা হয়েছে, এমন পশুর ক্ষেত্রে পশুটি ১ বছর অতিক্রম করে ২য় বছরে পরেছে এমন হতে হবে। যেখানে ২ বছর বয়স্ক পশু বলা হয়েছে, সেক্ষেত্রে পশুটি ২ বছর শেষ করে ৩য় বছরে পরেছে এমন হবে। এভাবেই হিসেব করা হবে।
**গরু গোত্রীয় প্রাণী**
গরু গোত্রীয় প্রাণীগুলোর মধ্যে গরু, মহিষ, ষাড় প্রভৃতি অন্তর্ভুক্ত। এরকম প্রাণীর সংখ্যা ৩০ টির কম হলে কিছুই দিতে হবে না। যে পদ্ধতিতে এগুলোর যাকাত নির্ণয় করা হয়, সেটা হলোঃ
১। প্রতি ৩০ টি গরুর জন্যে ১ টি দু’বছর বয়স্ক এঁড়ে বাছুর (তাবি’),
২। প্রতি ৪০ টি গরুর জন্যে ১ টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর (মুসিন্না)
পশুর সংখ্যা ও যাকাতের পরিমাণ নিম্নরূপঃ
গরু সংখ্যা যা যাকাত দিতে হবে
৩০-৩৯ ১টি ১ বছর বয়স্ক এঁড়ে বাছুর (তাবি’)
৪০-৫৯ ১টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর (মুসিন্না)
৬০-৬৯ ২টি ২ বছর বয়স্ক বকনা বাছুর (তাবি’)
৭০-৭৯ ১ টি দু’বছর বয়স্ক বকনা বাছুর ও ১টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর।
৮০-৮৯ ২টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর (মুসিন্না)
৯০-৯৯ ৩টি ২ বছর বয়স্ক বকনা বাছুর (তাবি’)
১০০-১০৯ ২টি ২ বছর বয়স্ক এঁড়ে বাছুর ও ১ টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর।
১১০-১১৯ ১টি ২ বছর বয়স্ক এঁড়ে বাছুর ও ২ টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর।
১২০-১২৯ ৪ টি ২ বছর বয়স্ক এঁড়ে বাছুর ও ৩ টি ৩ বছর বয়স্ক বকনা বাছুর।
**ভেড়া গোত্রীয় প্রাণী**
এই গোত্রের অন্তর্গত হলো ভেড়া ও ছাগল। এগুলোর নিসাব হলো ৪০ টি পশু। এগুলোর যাকাত গণনার নিয়মঃ
ভেড়া/ ছাগলের সংখ্যা যা যাকাত দিতে হবে

৪০-১২০ ১ টি ১ বছর বয়স্ক ভেড়া/ছাগল

১২১-২০০ ২ টি ১ বছর বয়স্ক ভেড়া/ছাগল

২০১-৩৯৯ ৩ টি ১ বছর বয়স্ক ভেড়া/ছাগল

৪০০ ৪ টি ১ বছর বয়স্ক ভেড়া/ছাগল

৪০০ এর পর থেকে প্রতি ১০০ টি পশুর জন্যে ১ টি করে ১ বছর বয়স্ক ছাগল বা ভেড়া যোগ হবে। অর্থাৎ ৫০০ ভেড়া/ছাগলের যাকাত ৫ টি ১ বছর বয়স্ক ছাগল/ভেড়া, ৬০০ ভেড়া/ ছাগলের যাকাত ৬ টি ভেড়া বা ছাগল। এভাবে চলতে থাকবে।
অশ্ব চালনায় ব্যবহৃত ঘোড়া, মোটাতাজা করা হয়েছে এমন, প্রতিবন্ধী, অসুস্থ, গর্ভবতী, একেবারে ছোট বা একেবারে বৃদ্ধ পশুর যাকাত নেই।
*** যাকাতের অর্থবছর***
যাকাতের অর্থবছরের নিয়ম কানুন সম্পদের ধরণের উপর নির্ভর করে।
১। লভ্যাংশের জন্যে যাকাতের অর্থবছর মূলধনের জন্যে যাকাতের অর্থবছর গণনার সাথে সাথেই শুরু হয়। এবার চাই মূলধন নিসাব পরিমাণ থাকুক কিংবা না থাকুক। উদাহরণস্বরূপঃ
ক) কেউ যদি ১০ মাস যাবত ২০ দিনার গচ্ছিত করে রাখে, কিন্তু শেষ ২ মাসে পণ্য কিনে বিক্রি করে লাভ করার ফলে তার সম্পদের পরিমাণ ৩০ দিনার হয়, তবে তাকে অবশ্যই ৩০ দিনারের উপরই যাকাত দিতে হবে। কারণ, এই লভ্যাংশ ২০ দিনারেই লুকায়িত ছিলো।
খ) কেউ যদি ১০ মাস যাবত ১৫ দিনার গচ্ছিত করে রাখে, কিন্তু শেষ ২ মাসে পণ্য কিনে বিক্রি করে লাভ করার ফলে তার সম্পদের পরিমাণ ৩০ দিনার হয়, তবে তাকে অবশ্যই ৩০ দিনারের উপরই যাকাত দিতে হবে। কারণ, এই লভ্যাংশ ১৫ দিনারেই লুকায়িত ছিলো।
২। পশু সম্পদের যাকাতের জন্যে অর্থবছর গণনা মূল পশু সংখ্যার উপর ভিত্তি করে শুরু হবে। তবে পশু সম্পদ বাড়ার ধরণের উপর নির্ভর করে এতে কিছু বিশেষ নিয়মও রয়েছে। যেমনঃ
ক) যদি নতুন পশু জন্মের মাধ্যমে পশুর সংখ্যা বাড়ে, তাহলে বছর শেষে মালিককে মোট পশু সংখ্যার উপর যাকাত দিতে হবে। নিচে উদাহরণ দিয়ে বুঝানো হলোঃ
  • কারো যদি ৮০ টা ভেড়া থাকে (যার যাকাত হলো ১ টি ভেড়া), এই ভেড়াগুলো যদি আরো ৪১ টি নতুন ভেড়ার জন্ম দেয় এবং এতে করে যদি বছর শেষে ভেড়ার পালের ভেড়া সংখ্যা ১২১ হয়ে যায়, তবে মালিককে মোট ১২১ টা ভেড়ার উপর যাকাত দিতে হবে (২ টা ভেড়া)।
  • যার ৩০ টি ভেড়া আছে (যেটা হলো নিসাবের নিচে) সেখানে যদি নতুন ১০ টি ভেড়ার জন্ম হয়, তবে তাকে বছর শেষে ৪০ টি ভেড়ার উপরই যাকাত দিতে হবে (একটি ভেড়া)। কারণ, নতুন ভেড়াগুলো ঐ ৩০ টি ভেড়ার মধ্যেই লুকায়িত ছিলো।
খ) যদি পশু হস্তগত হওয়ার মাধ্যমে পশুর বৃদ্ধি ঘটে যেমনঃ উত্তরাধিকারসূত্রে অথবা হাদিয়া হিসেবে অথবা কেনার মাধ্যমে যদি পশুর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেগুলোর জন্য আলাদা বিশেষ নিয়ম রয়েছে যা নিম্নরূপঃ
যদি পশু সম্পদের পরিমাণ নিসাবের নিচে হয় এবং পশু হস্তগত হওয়ার মাধ্যমে পশুর সংখ্যা নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে পূর্ণ এক বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সেগুলোর উপর যাকাত হবেনা। যেমনঃ কারো যদি ২০ টি ভেড়া থাকে এবং আরও ২০ টি ভেড়া ভেড়া তার হস্তগত হয় তবে ওই ৪০ টি ভেড়ার উপর পূর্ণ এক বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোন যাকাত আসবে না।
কিন্তু যদি পশুর পরিমাণ ইতিমধ্যে নিসাবের উপর থাকে এবং আরো নতুন যুক্ত হয় তবে মালিককে অবশ্যই সবগুলোর উপরেই যাকাত দিতে হবে। যেমনঃ কারো যদি চল্লিশটি ভেড়া থাকে যে তার যাকাত হচ্ছে একটি ভেড়া এবং তার নিকট আরো ৮১ টি ভেড়া হস্তগত হয় তবে তাকে ১২১ টি ভেড়ার উপরেই যাকাত দিতে হবে যার যাকাত হচ্ছে দুইটি ভেড়া, কারণ তার আসল পশু সংখ্যা ইতিমধ্যেই নিসাবের উপর ছিল।
*** ব্যতিক্রম ***
সম্পদের মধ্যবর্তী পরিমাণের জন্য কোন অতিরিক্ত যাকাত নেই। নিম্নোক্ত তিনটি উদাহরণে তা বর্ণনা করা হলো।
১। কারো যদি ৭ টি উট থাকে তবে সে প্রথম পাঁচটি উটের জন্যই যাকাত দেবে এবং বাকি দুটি যাকাতের অন্তর্গত হবে না কারণ সেগুলো পরবর্তী পর্যায়ে পৌঁছে নি যেটা হচ্ছে দশটি উট এবং তার যাকাত হচ্ছে ২ টি উট।
২। যার নিকট ৪০ থেকে ৫৯ টি গরু আছে সে শুধু একটাই বাছুরই দেবে।
৩। যার নিকট ৪০ টি থেকে ১২০ টি ভেড়া অথবা ছাগল আছে সে শুধু একটাই ভেড়া অথবা ছাগল দেবে।
পশু সম্পদের উপর এই নিয়ম কার্যকর হবে, তবে টাকা অথবা অন্যান্য সম্পদের উপর যে যাকাত আসে সে যাকাতই নেয়া হবে এবার পরিমাণ যতই ছোট হোক না কেন। অর্থাৎ এতে কোনো মধ্যবর্তী পরিমাণ নেই।
এই তিন প্রকার সম্পদের উপর নিসাব পরিমাণ না হওয়া পর্যন্ত কোন যাকাত নেই মধু ফলমূল এবং সবুজ শাক-সবজি। এগুলোর কোন যাকাত নেই তবে সেসব সবজি ব্যতীত যেগুলো হাতে গণনা করা যায় যেমন মটরশুঁটি জাতীয় সবজি।
দুটি শর্ত পাওয়া গেলে দানাদার শস্য এবং ফলের উপর যাকাত দিতে হবে। সেগুলো হলোঃ
১। তারা পুষ্টি সাধারণ উৎস,
২। তাদেরকে জমা করে রাখা যায়। যেমনঃ চাল, গম, ভুট্টা ইত্যাদি।
*** শ্রেণীভিত্তিক বিভাজন ***
এটা কোন শর্ত নয় যে, একই রকম সম্পদ দ্বারা নিসাবে পৌঁছাতে হবে বরঞ্চ এক্ষেত্রে দুইভাবে নিসাবের নিম্নতম সীমা পৌঁছানো যেতে পারে। সেগুলো হলোঃ
ক) টাকার ক্ষেত্রে নিসাব হতে পারে
১। শুধু স্বর্ণমুদ্রা যেমনঃ ২০ দিনার অথবা
২। শুধু রৌপ্যমুদ্রা যেমনঃ ২০০ দিরহাম অথবা
৩। স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার সমষ্টি যেমনঃ ১০ দিনার + ১০০ দিরহাম অথবা পাঁচ দিনার + ১৫০ দিরহাম অথবা ১৫ দিনার + ৫০ দিরহাম ইত্যাদি।
খ) পশু সম্পদের ক্ষেত্রে হতে পারে
১। চল্লিশটি ভেড়া অথবা,
২। চল্লিশটি ছাগল অথবা,
৩। ছাগল ও ভেড়ার সমষ্টি, যেমনঃ ২০ টি ছাগল এবং ২০ টি ভেড়া।
এরকমভাবে উটগোত্রের প্রাণী মেশানো যেতে পারে এবং গরু গোত্রীয় প্রাণীর মিশ্রণও হতে পারে।
যেমনঃ গরু এবং ষাড়।
গ) শস্যের ক্ষেত্রে হতে পারে
১। যেসব ফসল কাটা যায় সেগুলোর ক্ষেত্রে নেসাবে পৌঁছানো যেতে পারে তিন প্রকারের দানাদার শস্যের সমষ্টির দ্বারা।
যেমনঃ গম, বার্লি, সুল্ট।
২। সাত প্রকারের কলাইয়ের মিশ্রণের দ্বারা,
৩। নানা প্রকারের কিসমিসের মিশ্রণের দ্বারা, এবং
৪। নানা প্রকারের খেজুরের মিশ্রণের দ্বারা।

* যাকাত কারা নিতে পারবে*

যাকাত গ্রহীতাদেরকে ৮ টি গ্রুপে ভাগ করা যায় যেভাবে সূরা তাওবার ৬০ নং আয়াতে বর্ণিত হয়েছে। তাদের শ্রেণি বিভাগ নিম্নরূপঃ
১। ফকিররা অর্থাৎ যাদের নিকট নিজেদের এবং নিজের অধীনস্থদের জন্য এক বছরের খাবার কেনার সামর্থ্য নেই।
২। মিসকিনরা অর্থাৎ যাদের একদিনের জন্যও নিজেদের ভরণপোষণের সামর্থ্য নেই।
কেউ নিজেকে যদি ফকির দাবি করে তার দাবি গৃহীত হবে যতক্ষণ না তার বেশভূষা তার বিপরীত হয়। সে যদি বলে যে তার অধীনস্থ লোক আছে তাহলে সেটা সত্যতা যাচাই করতে হবে। সে যদি ধনী ব্যক্তি হিসেবে সমাজে পরিচিত হয়ে থাকে তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে যে তার টাকাপয়সা খুইয়ে গিয়েছে ।
ফকির এবং মিসকিনদের এই দুটি শ্রেণীকে অবশ্যই চারটি শর্তের ভেতর থাকতে হবে। সেগুলো হলোঃ
১। স্বাধীন হওয়া,
২। মুসলিম হওয়া,
৩। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এঁর আহলে বাইতের অন্তর্ভুক্ত না হওয়া কিন্তু যদি আহলে বাইতকে বায়তুল মালের মাধ্যমে ভরণপোষণ না করা হয় তবে আহলে বাইতের সদস্যরাও যাকাত নিতে পারবে।
৪। ইতিমধ্যেই কোনো দায়িত্বশীল আত্মীয়-স্বজনের মাধ্যমে দেখভাল করা হচ্ছে এমন না হওয়া। যেমনঃ একজন স্ত্রী যার ভরণপোষণ তার স্বামী দিয়ে থাকে অথবা একজন ছেলে যার ভরণপোষণ তার বাবা দেয় অথবাএকজন দরিদ্র বাবা ভরণপোষণ তার পুত্র দেয়। অথবা যদি কোনো লোক কারো দায়িত্ব নিয়ে থাকে, যেমন সৎ বাবা সৎ কন্যার দায়িত্ব নিলে।
৩। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদদেরকে এ কারণে যাকাত দেয়া যেতে পারে যে, তাদের যুদ্ধের উপকরণ শেষ হয়ে গেছে অথবা যুদ্ধাস্ত্র কেনার জন্য অথবা যুদ্ধের বাহন কেনার জন্য।
৪। যাকাতের ফান্ড থেকে মুসলিম দাসদেরকে কেনার জন্য এবং তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য।
৫। যাকাত সংগ্রাহক এবং বণ্টনকারীদের মধ্যে এই সকল শর্ত থাকা আবশ্যক। সেগুলো হচ্ছেঃ
মুসলিম হওয়া,
স্বাধীন হওয়া,
আহলে বাইতের অন্তর্ভুক্ত না হওয়া,
ন্যায় পরায়ণ হওয়া এবং
যাকাতের ফিক্বহ জানা বোঝা লোক হওয়া।
৬। ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার জন্য যাকাত দেয়া যেতে পারে। যেমনঃ কেউ যদি কোন হালাল ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে থাকে তবে সে যতটুকু আদায় করেছে তার পরবর্তী জমা থাকা টাকাগুলো যাকাতের ফান্ড থেকে দেয়া যেতে পারে।
৭। এমনসব লোকদের যাকাত দেয়া যেতে পারে যাদের কিনা দিল নরম হওয়ার সম্ভাবনা আছে। যেমনঃ ইসলাম গ্রহণের সম্ভাবনা রয়েছে এমন অমুসলিম ব্যক্তি অথবা সেই সব নওমুসলিমদের যাকাত দেয়া যেতে পারে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। এটা এই জন্য যে তাদের ঈমান ইসলামের উপর শক্ত হবে।
৮। এমনসব মুসাফিরদের যাকাত দেয়া যেতে পারে যারা কোন হালাল উদ্দেশ্যে সফর করেছিল কিন্তু এখন নিজেদের মাতৃভূমিতে ফেরার মতো টাকাপয়সা তাদের হাতে নেই।
যাকাত কখনো মসজিদ বানানো, যানবাহন কেনা, কারাবন্দীদের মুক্তি দেয়ার জন্য কিংবা বই ছাপানোর জন্য ব্যবহার করা হয় না।

* যাকাতুল ফিতর*

যাকাতুল ফিতর যা আমাদের দেশে সদকাতুল ফিতর বা ফিতরা রূপে পরিচিত।
প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তাদের নিজেদের পক্ষ থেকে এবং তাদের অধীনস্থদের পক্ষ থেকে (পরিবারের লোকজন) মাথাপিছু ১ সা পরিমাণ খাবার যাকাতুল ফিতর হিসেবে দেয়া ওয়াজিব। কোন অঞ্চলে যাকাতুল ফিতর সেই অঞ্চলের প্রধান খাদ্য দ্বারা দেয়া হয়ে থাকে। যেমনঃ গম, বার্লি, খেজুর, কিশমিশ, বাজরা, ভুট্টা, চাল।
ঈদের দিন ফজর সালাতের পরে ঈদের সালাতের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর দেয়া মুস্তাহাব। ঈদের একদিন আগে যাকাতুল ফিতর দেয়া জায়েজ। ঈদের দিন মাগরিব পর্যন্ত যাকাতুল ফিতর না দেয়া হারাম যদি না এমন হয় যে যাকাতুল ফিতর দেয়ার মত কোন লোক পাওয়া যায়নি। যাকাতুল ফিতর আদায় না করা হলে যাকাতুল ফিতর একটি ঋণ রূপে থেকে যায়। এটি ফকির মিসকিনদের দেয়া হয়ে থাকে। এক সা পরিমাণ খাবার একজন ফকিরকে দেয়া যেতে পারে অথবা অনেক জনের ভেতর বন্টন করে দেয়া যেতে পারে। যাকাতুল ফিতর দেয়ার হিকমাহ হলো ঈদের দিন কেউই যেন খাওয়ার জন্য কারো নিকট হাত পাততে না হয়।
(শেষ)

*তথ্যসূত্রঃ *

*A PRACTICAL GUIDEBOOK BY SHAIKH AL IRAQI AL HUSSAINI *

সাম্প্রতিক পোস্টসমূহ

Dhaka

ইফতার: Loading...

সেহরীর শেষ সময়: Loading...